চমক দিয়ে ফিরলেন রোনালদিনহো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
এক দশকেরও বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা রোনালদিনহোকে ঘিরে ইতালির ছোট্ট শহর রাভেন্নায় যেন তৈরি হয়েছে উৎসবের আবহ! ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক পরিচয় পর্ব রূপ নেয় এক ব্যতিক্রমী আয়োজনের। সমুদ্রসৈকতে আয়োজিত অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন প্রায় ছয় হাজার সমর্থক। হাতে পতাকা, চারপাশে ফ্লেয়ারের আলো আর মঞ্চজুড়ে বাজতে থাকে জনপ্রিয় গান ‘হল অব ফেম’-এর সেই বহুল পরিচিত লাইন-‘এন্ড দ্য ওয়ার্ল্ডস গোয়িং টু নো ইউর নেম’। ঠিক সেই মুহূর্তেই রাভেন্নার ১০ নম্বর জার্সি পরে মঞ্চে ওঠেন রোনালদিনহো। দিনটিকে ভক্তরা নাম দিয়েছেন ‘রোনালদিনহো ডে’। সংবাদমাধ্যম ও সমর্থকদের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, বন্ধুদের সঙ্গে এখানে আসতে পেরে তিনি দারুণ আনন্দিত। তবে মাঠে তাকে কবে দেখা যাবে, সেটি এখনও নিশ্চিত নয়। বিষয়টি কোচ ও ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেই জানিয়েছেন তিনি। রাভেন্নার নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী সোমবার। রেজ্জিও এমিলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে রোনালদিনহোকে দেখা যাবে না। তবে পুরো মৌসুমে তিনি কতটা খেলবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। ক্লাব প্রেসিডেন্ট সিপ্রিয়ানির আশা, রাভেন্নার জার্সিতেই যেন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান জাদুকর। রোনালদিনহোও সেই সম্ভাবনাকে উড়িয়ে দেননি। বরং হাসিমুখে বলেছেন, যদি এমনটা হয় তাহলে সেটি হবে আরও বিশেষ কিছু। বন্ধুত্বের টানেই তিনি রাভেন্নায় এসেছেন এবং দলের যতটা সম্ভব উপকার করতে চান তিনি!
২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে অংশ নিলেও পেশাদার ফুটবলে আর দেখা যায়নি তাকে। অবসরের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২০১৮ সালে। সেই হিসেবে প্রায় ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। রোনালদিনহোর এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, পরিসংখ্যানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে পারে।
