জিমিকে নিয়েই এশিয়ান গেমসের দল

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের আগে জার্মানিতে ক্যাম্প করতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত দল দিয়েছেন পিটার গেরহার্ড। রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলামের মতো চেনামুখরা ঠাঁই পেয়েছেন দলে।

তন জনকে স্ট্যান্ডবাইও রেখেছেন গেরহার্ড। তারা হলেন এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও ?নুরুজ্জামান নয়ন। আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে চূড়ান্ত ঘোষিত ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দল নিয়ে চলছে নিবিড় অনুশীলন। অনুশীলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গোলমুখে ফিনিশিংয়ে। প্রধান কোচ গেরহার্ড পিটারের কড়া নির্দেশ, ‘গোল মিস করা যাবে না।’

প্রায় ৩০ মিনিট উইং ধরে ফিনিশিং অনুশীলনের পর সোয়া ৫টার দিকে পুরো দলকে নিয়ে মাঝমাঠে সংক্ষিপ্ত বৈঠক করেন কোচ। এরপর উইং পরিবর্তন করে আবারও প্রায় ৩০ মিনিট একই ধরনের অনুশীলন চালানো হয়।

এশিয়ান গেমসের আগে বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। তবে হকি দলের জার্মানি সফর এখনো নিশ্চিত হয়নি। ভিসা জটিলতায় সফর পিছিয়ে গেলে বিকল্প হিসেবে চীনে যাওয়ার পরিকল্পনা রাখা হয়েছে। সেখানে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সময় কম পাওয়ায় বেশি কিছু করার সুযোগ হয়নি। তবে বর্তমান দলের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট। মূল প্রতিযোগিতার আগে অন্তত ছয় থেকে সাতটি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য তাদের। জার্মানি সফরের বিষয়ে রোববারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সেটি সম্ভব না হলে চীনে ছয়টি ম্যাচ খেলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত রয়েছে আমাদের।’

বাংলাদেশ হকি ফেডারেশনের ঘোষিত চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মো. আশরাফুল ইসলাম, মো. হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মো. রোমান সরকার ও মো. শাহিদুর রহমান সাজু। এ ছাড়া দলে রয়েছেন মো. ওবায়দুল হোসেন জয়, মো. দ্বীন ইসলাম ইমন, মো. খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মো. মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ ও মো. রাকিবুল হাসান। চূড়ান্ত স্কোয়াডের বাইরে বিকল্প হিসেবে স্টান্ডবাই রাখা হয়েছে এমএম মেহরাব হাসান সামিন, মো. আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়নকে। মূল দলের কোনো খেলোয়াড় শেষ মুহূর্তে খেলতে না পারলে স্ট্যান্ড-বাই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হতে পারে।