ফের এসএ গেমস নিয়ে তোড়জোড়
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। এশিয়ার সকল দেশই আসন্ন এই আসর নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে পাকিস্তান আগামী বছরের এসএ গেমস নিয়ে তোড়জোড় শুরু করেছে। ইসলামাবাদে চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ এসএ গেমস নিয়ে সভা রয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) গত বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। করাচি থেকে তারা ইসলামাবাদ মিটিংয়ে যোগ দেবেন।
দেশ ছাড়ার আগে বিওএ মহাসচিব রানা বলেছিলেন, ‘পাকিস্তান গেমস নিয়ে খুবই আন্তরিক। তারা মার্চে নির্ধারিত সময়ে গেমস করতে চায়। স্কটল্যান্ডের গ্লাসগোতে সাফের দেশগুলোর সঙ্গে আলোচনা করেছিল। তখন অন্য দেশ বলেছিল পাকিস্তান না করলে তারা আয়োজনে প্রস্তুত। পাকিস্তান তখন নিশ্চয়তা দেয় তারা গেমস করবেই। আগস্টে এসএ গেমস নিয়ে মিটিংয়ের দিনক্ষণ ঠিক হয়।’
২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল। দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার এই গেমস হওয়ার কথা থাকলেও হয়নি। বিশেষ করে পাকিস্তান একের পর এক সময় ক্ষেপণ করেছে। ২০২৬ সালে এই গেমস হওয়ার কথা ছিল। এজন্য বাংলাদেশের ফেডারেশনগুলো অনুশীলন শুরু করেছিল। শেষ পর্যন্ত গেমস না হওয়ায় ফেডারেশন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২৭ সালের ২৩-৩১ মার্চ পাকিস্তানে এসএ গেমসের সূচি।
