ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সলিভানের গায়ে হাত তুলে এই শাস্তি পেয়েছেন মেসি।
গত বুধবার ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচের শেষ সময় ছিল দারুণ উত্তপ্ত। মায়ামির ইয়ান ফ্রে, ইয়ানিক ব্রাইট, ফিলাডেলফিয়ার কুইন সলিভান ও তার ছোট ভাই ক্যাভিন সলিভানসহ আরও বেশ কয়েকজন সতীর্থ জড়িয়ে পড়েছিলেন হাতাহাতিতে। ওই ঘটনায় ব্রাইট ও ক্যাভিন সলিভানকে লাল কার্ড দেখানো হয়। এর মিনিট দুয়েক আগে কুইন সলিভানের সঙ্গে মেসির সেই ঘটনা। মাঝমাঠের কাছে থাকা মেসি বলের দিকে মনোযোগ না দিয়ে হাত উঁচিয়ে ক্ষিপ্ত হয়ে কিছু বলছিলেন সলিভানকে এবং হুট করে বাম হাত তুলে আলতো করে তার ঘাড়ের পেছনে চাপড় মারেন। ক্ষুব্ধ সলিভান তেড়ে আসেন এবং দুই ফুটবলার পরস্পরের কপালে কপাল ঠেকিয়ে ঠোকাঠুকি ও চোখাচোখি করতে থাকেন। রেফারি ছুটে এসে তাদেরকে আলাদা করেন। তবে ঘটনার সময় রেফারি অন্য দিকে তাকিয়ে থাকায় হয়তো তখন হলুদ কার্ড এড়াতে পারেন মেসি।
শাস্তি যদিও এড়াতে পারেননি। ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বল খেলার বাইরে থাকা অবস্থায় ‘সহিংস’ কাজের খেসারত দিতে হয় তাকে। যদিও দল ও তার জন্য স্বস্তির ব্যাপার যে, আর্থিক জরিমানাতেই পার পেয়েছেন, কোনো নিষেধাজ্ঞা পেতে হয়নি। মেজর লিগ সকারে এই নিয়ে দ্বিতীয়বার আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন মেসি। গত বছর নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেরর পর প্রতিপক্ষের সহকারী কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে এক পর্যায়ে তার গলা চেপে ধরেছিলেন এই মহাতারকা এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে রেফারিকেও শাসাতে দেখা গিয়েছিল তাকে।
শাস্তির তালিকায় মেসি একাই নন। জরিমানা করা হয়েছে তার সতীর্থ ফ্রে-কেও। তবে সুখবর পেয়েছেন ক্যাভিন সুলভান। তার লাল কার্ড তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ফুটবলের একজন প্রতিনিধি, কানাডা ফুটবলের একজন প্রতিনিধি এবং প্রফেশনাল রেফারি অর্গানাইজেশন মনোনীত একজন স্বাধীন প্রতিনিধিকে নিয়ে গঠিত ইন্ডিপেন্ডেন্ট রিভিউ প্যানেল ওই ঘটনার জন্য সর্বসম্মতিক্রমে সলিভানের পক্ষে রায় দেয়। ১৬ বছর বয়সী ফুটবলার তাই পরের ম্যাচে খেলতে পারবেন।
ম্যাচের যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে মায়ামির বক্সে একটি চ্যালেঞ্জে মাঠে পড়ে যান কুইন সলিভান। উঠে দাঁড়ানোর সময় তার মাথার ওপর হাত দিয়ে চাপ দেওয়ার মতো করেন ফ্রে। কুইনের পায়ে পাড়া দেওয়ার অবস্থাও তার। কুইন সলিভান তখন উঠে ফ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভূপাতিত করে ফেলেন।
মায়ামির আরও কয়েকজন তখন ছুটে যান সেখানে। ব্রাইট গিয়ে কুইনের গলা ধরে জোর করে টেনে তোলার চেষ্টা করেন। এটা দেখে ছুটে আসেন কুইনের ছোট ভাই ক্যাভিন সলিভান। ব্রাইটের ওপর হামলে পড়েন তিনি। ব্রাইটও জবাব দেন ধাক্কা দিয়ে। হাতাহাতি চলতে থাকে। একটা পর্যায়ে দুজনকে আলাদা করেন সতীর্থরা। শেষ পর্যন্ত লাল কার্ড দেখানো হয় ক্যাভিন সলিভান ও ব্রাইটকে। কুইন সলিভান পান হলুদ কার্ড। একটু পরই শেষের বাঁশি বাজে। ক্যাভিন ও কুইন সলিভানের নানি যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশী সুলতানা আলম, যিনি মুক্তিযুদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভুমিকা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় ১৬ বছর বয়সী ক্যাভিন সলিভানকে। মেজর লীগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লীগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ১৮ হলে যোগ দেবেন তিনি ম্যানচেস্টার সিটিতে।
গত বছর ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের। তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সলিভান ফিলাডেলফিয়ার হয়ে খেলছেন ২০২১ সাল থেকে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।
