চোটে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন সিনার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ডান হাঁটুর চোটের কারণে চলতি বছরের ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা ইয়ানিক সিনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন এই ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।

চিকিৎসক ও দলের মতামত জানিয়ে পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সিনার বলেন, “মেডিকেল স্টাফ ও দলের সাথে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমাদের এই কঠিন সিদ্ধান্তটি নিতে হচ্ছে যে, আমি এ বছর ইউএস ওপেনে অংশ নিতে পারছি না। গত কয়েকদিন মোন্তে কার্লোতে অনুশীলনে নেমে বুঝেছি যে, হাঁটুর এই সমস্যা থেকে পুরোপুরি সেরে উঠতে আমার আরও সময় প্রয়োজন।”

গত ১২ জুলাই উইম্বলডন শিরোপা জেতার পর আর কোর্টে নামা হয়নি সিনারের। চোটের কারণে এর আগে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি ও মন্ট্রিল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।