টেস্ট র‌্যাংকিংয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বড় হার। তার পরও সফর শেষ হলো বাংলাদেশের জন্য বড় এক অর্জনে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে টেস্টের সেরা ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিং। ২৩ আগস্টের হালনাগাদে বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ৭৮। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ৭৩ রেটিং নিয়ে নবম স্থানে ছিল দলটি। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর সেই র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন আসে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারলেও সিরিজে পাওয়া ঐতিহাসিক জয় বাংলাদেশের অবস্থানকে ছয়ে তুলে দিয়েছে। নতুন র‍্যাংকিংয়ে বাংলাদেশের নিচে নেমে গেছে তিনটি দল। ৭৬ রেটিং নিয়ে শ্রীলঙ্কা আছে সপ্তম স্থানে। পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে এই তিন দলের পেছনেই ছিল বাংলাদেশ। মাত্র একটি সিরিজ শেষেই সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ডারউইনের জয়টির। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। সেই ম্যাচে ৯ উইকেটের জয়ে শুধু সিরিজে এগিয়েই যায়নি দলটি, টেস্ট র‍্যাংকিংয়েও বড় লাফ দেওয়ার ভিত্তি তৈরি হয়। ম্যাকাইয়ে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানে হারে বাংলাদেশ।

মাত্র দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচ। ফলে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও ১-১ সমতায় শেষ করার কারণে র‍্যাংকিংয়ে ইতিবাচক ফলই পেয়েছে দলটি। টেস্ট র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক। এর আগে টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর পর সেই অবস্থানে উঠেছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে আগের সেই রেকর্ডও ছাড়িয়ে গেল তারা। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের এই অর্জন উল্লেখযোগ্য। ওয়ানডেতে ২০১৭ সালে ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ২০১২ সালে চতুর্থ স্থানে উঠেছিল দলটি। এবার টেস্টেও ষষ্ঠ স্থানে উঠে নিজেদের সেরা অবস্থান তৈরি করল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফর তাই বাংলাদেশের জন্য একই সঙ্গে হতাশা ও সাফল্যের গল্প। ডারউইনে ইতিহাসগড়া জয়, ম্যাকাইয়ে বড় হার-দুই ম্যাচের দুই রকম চিত্র। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ ড্র এবং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপের উন্নতি সফরটিকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় করে রাখল। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, সেরা ছয়ে উঠে আসার পর সেই জায়গাটি কতটা দীর্ঘ সময় ধরে রাখা যায়!