ঢাকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে আশাবাদী বাফুফে

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। দেশটির জাতীয় দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের ঢাকা সফরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনায় এমন আগ্রহের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের আলোচনার পাশাপাশি ফিফার অনুমোদন ও বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন জানান, ব্রাজিলের জাতীয় দলের ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পাঁচ সদস্য বাংলাদেশ সফরে এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনার ভেন্যু এবং কয়েকটি হোটেল পরিদর্শন করেছেন। পরে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

শাহিন বলেন, ‘ব্রাজিল বাংলাদেশে ম্যাচ খেলতে আগ্রহী হওয়ার অন্যতম কারণ এ দেশে তাদের বিপুলসংখ্যক সমর্থক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশি দর্শকদের ব্রাজিলকে সমর্থন করতে দেখেছে তারা। সেই জনপ্রিয়তার ভিত্তিতে বাংলাদেশে নিজেদের ফ্যান গ্রুপ আরও বড় করতে চায় ব্রাজিল।’ তবে ম্যাচ আয়োজনের আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কয়েকটি জায়গায় উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। বিশেষ করে ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, টেকনিক্যাল সেন্টার এবং মাঠে প্রবেশ ও বের হওয়ার পথ আরও উন্নত করার পরামর্শ দিয়েছে তারা। শাহিন জানান, এসব বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাচের সম্ভাব্য তারিখ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ৬ সেপ্টেম্বরের কথা ছড়ালেও সেটি নিশ্চিত নয় বলে স্পষ্ট করেছেন বাফুফের এই কর্মকর্তা। ব্রাজিল ৩ অক্টোবর ভারতের বিপক্ষে কলকাতায় খেলবে। এরপর ৫ বা ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেছে। কিন্তু বাংলাদেশেরও ওই সময়ে এএফসি-সংক্রান্ত সূচি রয়েছে। ফলে দুই পক্ষকেই নিজেদের সূচি সমন্বয় করতে হবে। শাহিন জানান, বাফুফে সভাপতি ফিফার সঙ্গে আলোচনা করে বাংলাদেশের অবস্থান ব্রাজিলকে জানাবেন। অন্যদিকে ব্রাজিলের প্রতিনিধিরা দেশে ফিরে সিবিএফের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে। ফলে এখনই ম্যাচটি নিশ্চিত বলা যাচ্চে না। ম্যাচটি আয়োজনের খরচ নিয়েও বড় প্রশ্ন রয়েছে। বাফুফের কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এমন ম্যাচ আয়োজনে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সমঝোতা হলে বাফুফে সভাপতি সরকারের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

ব্রাজিলের প্রতিনিধি দল শুধু ম্যাচ আয়োজন নিয়েই আগ্রহ দেখায়নি। ভবিষ্যতে মাঠ নির্মাণ, সংস্কার ও ফুটবলের কারিগরি বিভিন্ন ক্ষেত্রে বাফুফের সঙ্গে সহযোগিতা করার আগ্রহও জানিয়েছে তারা। ফলে একটি প্রীতি ম্যাচের বাইরেও দুই দেশের ফুটবল সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা দেখছে বাফুফে। ম্যাচটি হলে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন বাফুফের কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে দর্শকদের আগ্রহ বেড়েছে।

জাতীয় দলের ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে ম্যাচ হলে সেই আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা বাফুফের।

তবে মাঠের দিক থেকে এটি হবে অসম লড়াই। ব্রাজিল বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর একটি, আর বাংলাদেশের অবস্থান র‌্যাঙ্কিংয়ে অনেক নিচে। তারপরও ব্রাজিলের আগ্রহকে বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছে বাফুফে। এখন অপেক্ষা দুই ফেডারেশনের চূড়ান্ত সম্মতি, ফিফার অনুমোদন এবং সূচি সমন্বয়ের।