আবার আর্থার অ্যাশে ফিরছেন ফেদেরার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

আবারও র্যাকেট হাতে দেখা যাবে রজার ফেদেরারকে। তবে এবার প্রতিযোগিতামূলক টেনিসে নয়, বিশেষ এক প্রদর্শনী ম্যাচে। ইউএস ওপেনে নিজের শেষ ম্যাচ খেলার প্রায় সাত বছর পর ভক্তদের সামনে ফিরতে পেরে উচ্ছ্বসিত সুইস কিংবদন্তি। গত সোমবার সংবাদ সম্মেলনে ফেদেরার জানান, মঙ্গলবার ‘ফ্যান উইক’-এর অংশ হিসেবে আয়োজিত প্রদর্শনী ম্যাচটি তার জন্য নিউইয়র্কের দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ সুযোগ। ম্যাচটিতে তার সঙ্গে থাকবেন সাবেক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, আন্দ্রে আগাসি ও জন ম্যাকেনরো। চারজনের সম্মিলিত ঝুলিতে রয়েছে ১২টি ইউএস ওপেন পুরুষ এককের শিরোপা।
‘এটি আমাকে সত্যিই ধন্যবাদ জানানোর একটি সুযোগ করে দিচ্ছে,’ নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে নামার আগে বলেছেন ফেদেরার। ২০১৯ ইউএস ওপেনে শেষবার আর্থার অ্যাশে নেমেছিলেন ফেদেরার। সে বছর কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হেরে বিদায় নেন তিনি। তখনও অবসর নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। বরং আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে ২০২০ ও ২০২১ সালের ইউএস ওপেনে আর ফিরতে পারেননি। ২০২২ সালের সেপ্টেম্বরে লেভার কাপে নিজের শেষ পেশাদার ম্যাচ খেলে টেনিসকে বিদায় জানান ২০টি গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তি।
অবসরের পরও কয়েকটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছেন ফেদেরার। তবে নিউইয়র্কে এবারকার প্রত্যাবর্তনকে তিনি আলাদা করে দেখছেন। বিশেষ করে নিজের চার সন্তান, দুই জোড়া যমজ যাদের বয়স এখন ১২ ও ১৭, বাবাকে আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলতে দেখার সুযোগ পাবে, সেটিও তার কাছে বিশেষ আনন্দের। ‘বাচ্চারা এখন বড় হচ্ছে। তাই এবার তারা হয়তো তাদের বাবাকে খেলতে দেখাটা একটু উপভোগ করতে পারবে,’ বলেন ফেদেরার। তবে ম্যাচটি নিয়ে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন না তিনি। ফেদেরারের ভাষায়, ‘আমরা পাঁচ সেটের ম্যাচ খেলছি না। আশা করি আমাদের জন্যও অনেক মজার হবে, আর দর্শকদের জন্যও আমাদের আবার কোর্টে দেখতে পারাটা আনন্দের হবে।’
তবে প্রদর্শনী ম্যাচকে ঘিরে ফেদেরারের ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি একেবারে পরিষ্কার করে দেন, পেশাদার টেনিসে ফেরার কোনো ইচ্ছা তার নেই। ওয়াইল্ডকার্ড নিয়ে খেলার সম্ভাবনা আছে কি না জানতে চাওয়া হলে তিনি একাধিকবার সরাসরি ‘না’ বলেন। ‘অনেক বেশি বাধা আছে, আর আমি খুব ব্যস্ত। সবকিছু ঠিকঠাকই আছে। এখন আমি শুধু একজন ভক্ত, উপভোগ করছি এবং খেলা দেখছি,’ বলেন ফেদেরার।
