মুস্তাফিজকে নিয়ে মুগ্ধ দুবাই

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত মৌসুমের শেষটা দুবাই ক্যাপিটালসের জন্য ছিল হতাশার। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসর শুরু করলেও শেষ পর্যন্ত এলিমিনেটরেই থেমে যায় তাদের পথ। কিন্তু দলের সেই ব্যর্থতার মধ্যেও আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আর সেই পারফরম্যান্সই হয়তো নতুন মৌসুমের আগে দুবাইয়ের আস্থার সবচেয়ে বড় কারণ!

পঞ্চম আসরের জন্য মুস্তাফিজকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শুধু দলেই রাখা নয়, বাংলাদেশের পেসারকে নিয়ে নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের বোলিংয়ের ভিডিও প্রকাশ করে এমন এক ক্যাপশন দিয়েছে দুবাই, যেখানে তার বোলিংকে তুলনা করা হয়েছে কবিতার সঙ্গে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কবিতা কে না ভালোবাসে? আর ফিজের বোলিং দেখা-সেটাই তো এর সেরা রূপ। মুস্তাফিজুর রহমান খুব শিগগিরই আবার আমাদের রঙে ফিরবেন।’ মুস্তাফিজকে ঘিরে অপেক্ষার কথা ছিল ভিডিওতেও। সেখানে বোল্ড করে লেখা হয়েছে, ‘ফিজকে আবার মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।’

দুবাইয়ের এমন বার্তার পেছনে অবশ্য শুধু আবেগ নয়, পরিসংখ্যানও আছে। গত আসরে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। দলের ব্যর্থতার কারণে টুর্নামেন্টের শেষ চারেও জায়গা হয়নি, কিন্তু বোলার মুস্তাফিজ নিজের কাজটা করেছিলেন বেশ ভালোভাবেই। দলের হয়ে নিয়মিত উইকেট এনে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার কাটার ও গতি পরিবর্তন প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রেখেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামা দুবাইয়ের অভিযান থেমেছিল এলিমিনেটর পর্বে। এবার তাই তাদের লক্ষ্য পুরোনো ব্যর্থতা থেকে বেরিয়ে নতুনভাবে শিরোপার দৌড়ে ফেরা। সেই পরিকল্পনায় মুস্তাফিজকে ধরে রাখা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে।

বাংলাদেশের পেসারের পাশাপাশি আগের আসরের দল থেকে রোভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে দুবাই। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং আফগানিস্তানের স্পিনার নুর আহমাদকে।

নতুন সংযোজন ও পুরোনো ভরসার সমন্বয়ে দলটিকে এবার আরও ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি। আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম হবে ১ অক্টোবর। এরপর ২২ নভেম্বর শুরু হবে মূল টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। দুবাইয়ের সামনে এখন নতুন মৌসুমের নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে তাদের পুরোনো ভরসা হয়ে থাকছেন মুস্তাফিজ!