বাংলাদেশি আম্পায়ারের অভিযোগে শাস্তি পেলেন জয়াসুরিয়া

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। চলমান টেস্টের একটি ঘটনায় তৃতীয় খেলোয়াড় হিসেবে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া। প্রথম ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের পরের আচরণের জন্য তাকে অফিশিয়াল তিরস্কার করা হয়েছে। জয়াসুরিয়া আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। গত ২৪ মাসে নামের পাশে যুক্ত হওয়া প্রথম ডিমেরিট পয়েন্ট এটি। গত সোমবার দ্বিতীয় দিনের শেষ বলে আউট হওয়ার পর এই ঘটনা ঘটে। প্যাভিলিয়নে ফেরার সময় তিনি ব্যাট দিয়ে বাউন্ডারির খুঁটিতে আঘাত করেন। জয়াসুরিয়া নিজের দোষ স্বীকার করে নেন। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের শাস্তিও মেনে নেন। ফলে আলাদা করে শুনানির ব্যবস্থা করার প্রয়োজন পড়েনি। মাঠের আম্পায়ার পাকিস্তানের আহসান রাজা ও বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তৃতীয় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার প্রগীথ রামবুকওয়েলা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।