এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি পরিদর্শনে এমপি মাহমুদা হাবীবা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কারো এক হাত নেই। কারো দুই হাত। আবার কেউ উঠেও দাঁড়াতে পারেন না। হুইল চেয়ারে বসেই খেলেন। তারপরও খেলাধুলার প্রতি আগ্রহের কোনো কমতি নেই তাদের। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। গতকাল মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাঁচজন প্যারা অ্যাথলেটসহ অনেকেই উপস্থিত ছিলেন। কাঠফাটা রোদ্দুরে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন তারা। এশিয়ান প্যারা গেমস ২০২৬ সামনে রেখে জাতীয় প্যারালিম্পিক কমিটি (এনপিসি) বাংলাদেশের তত্ত্বাবধানে চলমান প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা। এ সময় ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহসভাপতি সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ক্যাম্পে অংশ নেওয়া প্যারা অ্যাথলেটদের মধ্যে উন্নতমানের স্পাইকড অ্যাথলেটিক্স জুতা বিতরণ করা হয়। খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে তাদের প্রশিক্ষণ, প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন মাহমুদা হাবীবা। একই সঙ্গে অ্যাথলেটদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে আগামী আন্তর্জাতিক আসরে আরও ভালো ফলের জন্য তাদের উৎসাহিত করেন। ক্রীড়াক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহমুদা হাবীবা। সরকারের সহযোগিতা প্যারা অ্যাথলেটদের আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবারের এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশ ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবে। এগুলো হলো- প্যারা অ্যাথলেটিকস, প্যারা আরচারি, প্যারা ব্যাডমিন্টন, বোচিয়া, প্যারা সুইমিং ও প্যারা টেবিল টেনিস। টঙ্গীর আরচারি ট্রেনিং গ্রাউন্ড, জাতীয় স্টেডিয়াম, শহিদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম, সাভার সিআরপি এবং সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এশিয়ান প্যারা গেমসের ক্রীড়াবিদদের অনুশীলন চলছে।