ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ড্র শ্রীলঙ্কার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

স্কোরবোর্ডে তখনও ভারতের জয় লেখা হয়নি, তবে ম্যাচের চিত্র বলছিল অন্য কথা! হাতে পুরো একটি দিন, শ্রীলঙ্কার শেষ চার উইকেট বাকি। প্রথম ইনিংসে ২১৩ রানের লিড, প্রতিপক্ষ ফলো-অনেও। সব হিসাবই ভারতের পক্ষে। কিন্তু ক্রিকেটের হিসাব সবসময় অঙ্ক মেনে চলে না। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে সেটিই আবার প্রমাণ করলেন সোনাল দিনুশা। শেষ দিনে ৮১.২ ওভার ধরে ভারতীয় বোলাররা চেষ্টা করেও যে দেয়াল ভাঙতে পারলেন না, তার নাম দিনুশা। একপ্রান্তে দাঁড়িয়ে থাকা ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার লোয়ার অর্ডারের সঙ্গীদের নিয়ে এমন প্রতিরোধ গড়লেন, যা নিশ্চিত হারতে যাওয়া শ্রীলঙ্কাকে এনে দিল অবিশ্বাস্য এক ড্র!

দিনের শুরুতে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ২২৯ রান। ভারতের প্রথম ইনিংসের ৫০৩ রানের জবাবে লঙ্কানরা ২৯০ রানে অলআউট হওয়ায় ফলো-অনে যেতে হয়েছিল তাদের। দ্বিতীয় ইনিংসেও একসময় ছয় উইকেট পড়ে গিয়েছিল। ভারতের জয় তখন যেন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আগের দিন ৭ রানে অপরাজিত থাকা দিনুশা কলম্বো টেস্টের গতকাল পঞ্চম দিনের সকালে যেন অন্য মানুষ! একের পর এক ভারতীয় বোলার বদলেছেন অধিনায়ক শুবমান গিল, পাল্টেছে ফিল্ডিংয়ের বিন্যাস, তৈরি হয়েছে চাপ। তবু দিনুশার ব্যাটে ছিল না বিচলিত হওয়ার কোনো লক্ষণ। তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠেন কেশারা নুয়ান্থা। সপ্তম উইকেটে ২৪৬ বলে দুজন মিলে যোগ করেন ১১২ রান। নুয়ান্থা নিজের উইকেট বাঁচানোর পাশাপাশি সময়ও কেড়ে নিচ্ছিলেন ভারতের কাছ থেকে।