সাব্বির-রিপনের ম্যাজিকে শীর্ষে বাংলাদেশ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচের হার যেন আরও ক্ষুধার্ত করে তুলেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স দলকে! অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হারের পর শক্তিশালী নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ২৩ রানের জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের দল। সেই সঙ্গে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ফিরে পেয়েছে বাংলাদেশ এইচপি। গতকাল বৃহস্পতিবার ডারউইনে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কোনো রান না করেই ফিরে যান জিসান আলম। তবে সেই বিপর্যয় সামাল দেন হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। দুজনের ব্যাটে দ্রুতই ঘুরে দাঁড়ায় এইচপি। সোহান ২১ বলে ২৬ রান করে ফিরলেও আরিফুল তখন জমিয়ে বসেছেন।
অধিনায়ক ইরফান শুক্কুরও ৩ রান করে ফিরে গেলে আরিফুলের সঙ্গে ক্রিজে যোগ দেন সাব্বির রহমান। এরপর দুজনের ব্যাটে পাল্টে যায় বাংলাদেশের ইনিংসের গতি। আরিফুল খেলেন পরিণত ও আগ্রাসী এক ইনিংস। ৪৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৭১ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন তিনি! শেষ দিকে অবশ্য আলো কেড়ে নেন সাব্বির। গত দুই ম্যাচে বড় রান না পাওয়া এই ব্যাটার এদিন শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। প্রথমে উইকেট বাঁচিয়ে খেললেও শেষ দিকে কিউই বোলারদের ওপর একের পর এক আক্রমণ চালান। ৩৬ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি।
আরিফুল ও সাব্বিরের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বাংলাদেশ এইচপি। কিউইদের সামনে দাঁড়িয়ে যায় কঠিন লক্ষ্য।
রান তাড়ায় অবশ্য শুরুতে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেছিল নিউজিল্যান্ড ‘এ’। প্রথম দিকেই দ্রুত রান তুলতে থাকে তারা। কেটেন ক্লার্কের ১০ বলে ২৪ রানের পর ম্যাক্স চু ও ম্যাথু বয়েলও আক্রমণাত্মক ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি এনে দেয় ৫৪ রান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাকিবুল হাসান। পরপর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ভিত নড়িয়ে দেন এই স্পিনার। ম্যাক্স চু ৩৩ বলে ৪৪ এবং ম্যাথু বয়েল ২২ বলে ৩১ রান করে ফিরলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইদের হয়ে জশ ক্লার্কসন শেষ দিকে ২২ বলে ২৫ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে না পেরে ২০ ওভারে ১৫৮ রানেই থামে নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসানের সঙ্গে তিনটি করে উইকেট নেন রিপন মন্ডল। ব্যাটিংয়ে আরিফুল-সাব্বিরের দৃঢ়তা এবং বোলিংয়ে রাকিবুল-রিপনের আঘাতে পূর্ণ নিয়ন্ত্রণে আসে ম্যাচ। এই জয়ে বাংলাদেশের অর্জন ৫ ম্যাচে ৮ পয়েন্ট। সমান পয়েন্ট ভিক্টোরিয়া পেলেও রানরেটে পিছিয়ে তারা।
