নেইমারের সহায়তায় দেনা পরিশোধ সান্তোসের
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

নিষেধাজ্ঞার দরজা পেরিয়ে আবারও দলবদলের বাজারে ফেরার পথ খুলে গেছে সান্তোসের সামনে। ফরাসি ক্লাব মোনাকোর কাছে থাকা প্রায় ২০ লাখ ৩২ হাজার ইউরোর বকেয়া পরিশোধ করে ফিফার আরোপ করা ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আর এই সংকটময় সময়ে সান্তোসের পাশে দাঁড়িয়েছে এমন একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে আছে ক্লাবটির সবচেয়ে বড় তারকা নেইমারের নাম। সান্তোসের এই আর্থিক সংকটের সূত্রপাত জিয়ান লুকাসকে ঘিরে। ২০২৩ সালের জুলাইয়ে মোনাকো থেকে এই মিডফিল্ডারকে প্রায় ৬ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় সান্তোস। চুক্তি অনুযায়ী ট্রান্সফার ফি তিনটি সমান কিস্তিতে পরিশোধ করার কথা ছিল। প্রথম দুই কিস্তি ঠিকঠাক মিটিয়েও শেষ কিস্তির সময় এসে বিপাকে পড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি।
২০২৫ সালের ৩১ জানুয়ারি তৃতীয় কিস্তি পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মোনাকোর পাওনা মেটাতে পারেনি সান্তোস। এরপর দেনা পুনর্নির্ধারণের চেষ্টা করে তারা। বকেয়া অর্থ দুই কিস্তিতে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছিল, যার একটি দেওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে, অন্যটি ২০২৬ সালের জানুয়ারিতে। কিন্তু আগের আর্থিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সেই প্রস্তাবে রাজি হয়নি মোনাকো। সমঝোতার পথ বন্ধ হয়ে যাওয়ার পর চলতি বছরের মার্চে ফিফার দ্বারস্থ হয় মোনাকো। শুনানিতে সান্তোস বকেয়া থাকার বিষয়টি স্বীকার করেছিল। তবে চুক্তিতে থাকা ১৫ শতাংশ বার্ষিক সুদের হার নিয়ে আপত্তি তোলে তারা। শেষ পর্যন্ত ফিফা চুক্তির ওই শর্তকে বৈধ বলে মোনাকোর পক্ষেই রায় দেয়। পাশাপাশি সান্তোসের ওপর নেমে আসে দলবদল নিষেধাজ্ঞা।
সান্তোস অবশ্য সেখানেই থামেনি। ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে, সিএএসে আপিল করে ক্লাবটি। আপিল চলাকালে ফিফার নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতও ছিল। কিন্তু গত জুনের শুরুতে সিএসও সান্তোসের আবেদন খারিজ করে ফিফার সিদ্ধান্ত বহাল রাখে। ফলে মোনাকোর পাওনা মেটানো ছাড়া সান্তোসের সামনে কার্যত আর কোনো পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত সেই অর্থের ব্যবস্থাও হয়ে গেল। নেইমারের ইমেজ রাইটস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এনআর স্পোর্টসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করে সান্তোস। মোনাকোর পাওনা পরিশোধের বিনিময়ে ক্লাবটির অব্যবহৃত বা এখনও বিক্রি না হওয়া জার্সি স্পনসরশিপ ও ইউনিফর্মণ্ডসংক্রান্ত স্বত্ব নিয়ে এনআর স্পোর্টসের সঙ্গে আলোচনা হবে।
একটি পুরোনো ট্রান্সফার চুক্তির বকেয়া শুধু সান্তোসকে ফিফার শাস্তির মুখেই ফেলেনি, বরং ক্লাবটির ভবিষ্যৎ দলগঠনের পথও আটকে দিয়েছিল। সেই জট খুলেছে শেষ পর্যন্ত অর্থের সংস্থান করেই।
