খেলার সঙ্গে পড়াশোনার গুরুত্ব নাফিসের বইয়ে

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শাহরিয়ার নাফিসের প্রাথমিক পরিচয় সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক অধিনায়ক। ক্রিকেটকে বিদায় জানিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব। এই দুইয়ের বাইরে নতুন এক পরিচয় যুক্ত হল তার নামের সঙ্গে- লেখক। বন্ধু এইচ এম আতিফ ওয়াফিকের সঙ্গে যৌথভাবে লিখেছেন ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দা রেস’ নামের একটি বই। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও ক্রীড়াবিদদের গল্প তুলে এনে খেলাধুলা ও পড়াশোনার সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেছেন। গতকাল শনিবার মিরপুর শেওে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তিন বছর ধরে বিভিন্ন ব্যক্তির তথ্য সংগ্রহ করে লেখা বইয়ের পেছনের ভাবনার কথা জানান শাহরিয়ার। “১০০ জন খেলোয়াড়ের মধ্যে একজন একদম শীর্ষ পর্যায়ে যায়। কিন্তু বাকিরা যেহেতু শীর্ষ পর্যায়ে যেতে পারছে না। খেলার পাশাপাশি পড়াশোনা থাকলে, জীবনে কতখানি তাকে সাহায্য করে এই ব্যাপারটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। মূল উদ্দেশ্য ছিল একজন খেলোয়াড় প্রচুর সময় ব্যয় করে, এরপরে তার পড়াশোনাটা আসলে কতটুক প্রয়োজন তার জীবনে।” বইয়ের কাজ কখন শুরু করেছেন এবং বই কীভাবে সাজানো হয়েছে সেই বিষয়েও ধারণা দেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। “এই বইয়ের কাজ শুরু করেছিলাম ২০২২ সালে। এটা একটা গবেষণাধর্মী বই। যে কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছি। আমি এখানে জাতীয় দলের অনেক খেলোয়াড়, অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা বলছি, স্টুয়ার্ট লর সঙ্গে কথা বলছি। ২০০০ সিডনি অলিম্পিকে ৪০০ মিটারের গোল্ড মেডেলিস্ট ক্যাথি ফ্রিম্যানের কোচের সঙ্গেও কথা বলেছি।”