ফিক্সিংয়ে অভিযুক্ত তিন ব্যক্তির নাম প্রকাশ করল বিসিবি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে তাদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এই তালিকায় নাম আছে বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমানের (শামীম)। এ তালিকায় নাম থাকা বাকি দুজন হলেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন।

শামীম-জাকির-সানির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে-২০২৬ বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন করা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করা।