১৭ বছর পর লর্ডস ডাকছে বাংলাদেশকে
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তামিম ইকবাল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করে ঐতিহাসিক এই মাঠে নিজের নাম লিখিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ১৭ বছর পর সেই লর্ডসেই আবারও টেস্ট খেলবে বাংলাদেশ।
এবার অবশ্য তামিম থাকবেন অন্য ভূমিকায়-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার অপেক্ষা বাংলাদেশের জন্য নতুন নয়।
সর্বশেষ ২০১৬ সালে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল।
সেবার বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলা সেই ২০১০ সালে। এরপর আর লর্ডসের সবুজ গালিচায় বাংলাদেশের টেস্ট দলকে দেখা যায়নি!
আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন সেই অপেক্ষার অবসান।
লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রায় দুই দশকের কাছাকাছি সময় পর ইংল্যান্ডের মাঠে টেস্ট খেলার সুযোগ পাওয়ায় ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকছে না, বরং হয়ে উঠছে ক্রিকেটীয় ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র। লর্ডসে বাংলাদেশের টিকিটের লড়াই অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে। ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক ব্যালট খুলে দিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন। নভেম্বরের শুরুতে সফল আবেদনকারীদের প্রথম ধাপের তালিকা ইমেইলে জানানো হবে। তাঁদের জন্য টিকিট কেনার নির্ধারিত সময় ১৭ নভেম্বর। আর সাধারণ বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর। লর্ডসের আগামী বছরের আন্তর্জাতিক সূচিতেও বাংলাদেশের ম্যাচটি বিশেষ আকর্ষণ হয়ে থাকছে। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের পাশাপাশি এই মাঠে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ছেলেদের অ্যাশেজ টেস্ট, নারী অ্যাশেজের ওয়ানডে এবং ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ছেলেদের ওয়ানডে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার গল্প অবশ্য শুধু ইংল্যান্ডকে ঘিরে নয়। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিল দলটি।
এবার ইংল্যান্ডের বিপক্ষেও অপেক্ষার পালা শেষ হচ্ছে। আর লর্ডস মানেই তামিমের সেই সেঞ্চুরির স্মৃতি। ২০১০ সালে ৯৪ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর তার উদযাপন এখনও বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় দৃশ্যগুলোর একটি। সময় বদলেছে, বদলেছে বাংলাদেশ দলও। তামিম এখন বোর্ডের সভাপতি, আর মাঠে নামবেন শান্ত-মিরাজরা। তবে লর্ডসের মাটিতে বাংলাদেশের গল্পের সঙ্গে ২০১০-এর সেই অধ্যায়টি যে আবারও ফিরে আসবে, সেটি নিশ্চিত।
