লড়াই করে হারল বাংলাদেশ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এগিয়ে থেকেও হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিক চীনের সঙ্গে লড়াই করেছে শুরু থেকে শেষ অবদি। গতকাল শুক্রবার চীনের মকির ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ অত্যন্ত আক্রমণাত্মক হকি উপহার দেয়। ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিক চীন লিড নেয়। পরক্ষণেই সমতায় ফেরে বাংলাদেশ। ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মধ্য বিরতিতে ড্রেসিং রুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে স্বাগতিক চীন সমতায় ফেরে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে হজম করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের চেষ্টা করেছিল। উল্টো ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করে পুনরায় পিছিয়ে পড়ে। বাকি সাত মিনিটে আর কোনো গোল না দেয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচে হারলেও বাংলাদেশের যুবারা তাদের অসাধারণ ফাইটিং স্পিরিট এবং চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে গ্যালারির দর্শকদের মন জয় করে নিয়েছে। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। পুরুষ দল রবিবার মালয়েশিয়ার বিপক্ষে লড়বে। চীন ছাড়াও পুরুষ দলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাজাখস্তান ও পাকিস্তান।