সিআরপিতে বোচিয়া গেমস কোর্ট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্যারা স্পোর্টসে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি বাংলাদেশ) উদ্যোগে গতকাল শনিবার সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে একটি বোচিয়া গেমস কোর্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা সিস্টার ভেলরি এ. টেইলর। বোচিয়া গেমস কোর্টের উদ্বোধন করেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের উপ-মহাসচিব মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ, নির্বাহী সদস্য ফরিদা আক্তার আসমা এবং এশিয়া প্যারা আর্চারির সাধারণ সম্পাদক ও সংগঠক মো. তানভির আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বোচিয়া অঙ্গনের অগ্রযাত্রার সঙ্গে যুক্ত দেশের প্রথম বোচিয়া প্যারা-অ্যাথলেট মো. আনোয়ার হোসেন ও মো. রাশেদ আহমেদ। উপস্থিত ছিলেন বোচিয়া কোচ মো. আব্দুস সেলিম এবং মো. মুস্তাফিজুর রহমান বুলবুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বোচিয়ার মতো বিশেষায়িত প্যারা স্পোর্টসের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।