বিপিএল বন্ধের সিদ্ধান্তে বিস্মিত ক্রীড়া প্রতিমন্ত্রী!

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার হবে না-খবরটি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানলেন গণমাধ্যমকর্মীর কাছ থেকেই! অথচ ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট না রেখে নতুন মডেলে যাওয়ার পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের সংগঠন কোয়াব-সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বসেও নিজেদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বোর্ড! গতকাল রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আমিনুল হক। সেখানে আগামী মৌসুমে বিপিএল না হওয়ার প্রসঙ্গ উঠতেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, 'আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।'

গত ২৯ আগস্ট বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্রিকেটাররাও। এরই মধ্যে দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। ২০২৭ সালে বিপিএলের প্রচলিত ফ্র্যাঞ্চাইজি কাঠামো থেকে সরে আসার প্রস্তুতি চলছে। তবে সেই পরিকল্পনার খবর যে ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়েও পৌঁছায়নি, আমিনুল হকের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।

বিপিএল বন্ধের সম্ভাবনার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে।