তদন্তের মুখে পাকিস্তানের ক্রিকেটাররা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড সফরের অংশ পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলা ও আচরণের বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া পরিচালক আমির মির গতকাল সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন তদন্তের বিষয়টি। 'শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পিসিবি একটি অভ্যন্তরীণ শৃঙ্খলা তদন্ত শুরু করেছে, যা বর্তমানে অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করা হচ্ছে। পিসিবি নিজেদের কার্যপ্রণালী অনুযায়ী এই ধরনের বিষয়গুলো পরিচালনা করে থাকে। প্রক্রিয়াটি পিসিবির নিয়মকানুন মেনে পরিচালিত হচ্ছে, যাতে সংশ্লিষ্ট সব ব্যক্তিকে ন্যায্যভাবে বিবেচনা করা হয়।' ইংল্যান্ড সফররত পাকিস্তানের টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন আনার কয়েক দিন পরই এলো এই ঘোষণা। তৃতীয় ও শেষ টেস্ট খেলতে এখন বার্মিংহামে অবস্থান করছে পাকিস্তান দল। হেডিংলিতে ইনিংস ব্যবধানে ও লর্ডসে ১৯৪ রানের বড় পরাজয়ের পর সাত জন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় নেওয়া হয়েছে সাত জনকে, এর মধ্যে পাঁচ জনই টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। এছাড়া প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের সংবাদ সংস্থা জিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন। 'এর (দলের বাজে পারফরম্যান্স) পেছনের কারণগুলো খতিয়ে দেখতে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পারফরম্যান্স ছাড়াও অন্যান্য বিষয় রয়েছে এবং আমরা এর মূল কারণ খুঁজে বের করব।' ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো লিখেছে, তদন্তটি নির্দিষ্ট কাদের বিরুদ্ধে করা হচ্ছে বা তা কখন শেষ হবে, এর কোনো সময়সীমা, বা সম্ভাব্য কী ধরনের শাস্তি হতে পারে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তটি শুধুমাত্র দেশে ফিরিয়ে আনা ক্রিকেটারদের নিয়েই করা হচ্ছে, নাকি আগামী বুধবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য বর্তমানে বার্মিংহামে থাকা খেলোয়াড়দের নিয়েও করা হচ্ছে, সেটাও স্পষ্ট নয়।