টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ বদলেছে, বদলায়নি বাংলাদেশের দাপট। চাইনিজ তাইপে ও পাকিস্তানের পর এবার কাজাখস্তানও চার গোল হজম করে মাঠ ছেড়েছে। জুনিয়র নারী এশিয়া কাপে সেরা ছয়ের জায়গাটিও নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা!

চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দাপট চলছেই বাংলাদেশের। টানা তিন জয়ে চ্যালেঞ্জার পুলের ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। টানা তিন জয়ের এই পারফরম্যান্সে ১০ দলের প্রতিযোগিতায় সেরা ছয়ে এখন লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। দ্রুত পাওয়া এই লিড আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েদের। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন লিজা আক্তার। প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাজাখস্তানের ওপর চাপ আরও বাড়াতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৪৬ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। পাঁচ মিনিট পরই আবার পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান অধিনায়ক শারিকা রিমন। নিজের দ্বিতীয় গোলটি করে কাজাখস্তানের ফেরার সব সম্ভাবনাই শেষ করে দেন তিনি। শক্ত রক্ষণ আর কার্যকর আক্রমণের সমন্বয়ে পুরো ম্যাচেই প্রতিপক্ষকে চাপে রেখেছে বাংলাদেশ। কাজাখস্তানকে গোলের সুযোগে খুব একটা স্বস্তি না দিয়ে ম্যাচ শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণেই রাখে তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জাইলস বোনেটের দল। তিন ম্যাচে তিন জয় বাংলাদেশের আত্মবিশ্বাসকে এখন অন্য উচ্চতায় নিয়ে গেছে। চাইনিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তান-তিন প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব এসেছে এক ম্যাচ আগেই। এখন গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে শুধু শেষ ম্যাচের অপেক্ষা।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচটি জিততে পারলে অপরাজিত থেকেই পরের পর্বে যাওয়ার সুযোগ আরও উজ্জ্বল হবে বাংলাদেশের!