উচ্চতর প্রশিক্ষণে চীনে গেল ৩০ সদস্যের উশু দল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উশুর ভিত আরও মজবুত করার লক্ষ্যে ৫০ দিনের প্রশিক্ষণে চীন গেল বাংলাদেশ উশু ফেডারেশনের ৩০ সদস্যের প্রতিনিধি দল। চীনা কর্তৃপক্ষের আমন্ত্রণে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিশেষ পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ উশু ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় দলটি সম্প্রতি চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে। ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌ শহরে অনুষ্ঠিত হবে 'তাওলু উশু ক্রীড়াবিদ ও কোচদের' এই প্রশিক্ষণ কোর্স। দীর্ঘ এই আবাসিক প্রশিক্ষণের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতি, কৌশল ও দক্ষতা অর্জন করে তা দেশের উশু অঙ্গনে প্রয়োগ করা।দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ উশু ফেডারেশনের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল। দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম মনিরসহ অন্য কর্মকর্তারা। ফেডারেশন সূত্র জানিয়েছে, ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় গেমসকে সামনে রেখে দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। চীনের উশু প্রশিক্ষণব্যবস্থার আধুনিক কৌশল ও অনুশীলন পদ্ধতি রপ্ত করে খেলোয়াড় ও কোচদের দক্ষতার মান আরও এক ধাপ এগিয়ে নেওয়াই এর লক্ষ্য। ফেডারেশনের কর্মকর্তারা এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংশ্লিষ্ট সরকারি ও চীনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, চীনের মাটি থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের উশুতে নতুন দিগন্তের দুয়ার খুলবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পদক-সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।
