আইসিসির সেরার দৌড়ে ডারউইনের নায়ক হাসান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ডারউইনের সেই আগুন এখনও যেন নিভেনি! অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হয়ে আলোচনায় এসেছিলেন হাসান মাহমুদ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছিল তার হাতে। এবার সেই পারফরম্যান্সই তাকে নিয়ে গেছে আরও বড় স্বীকৃতির দুয়ারে। আগস্ট মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই পেসার।
পুরুষদের বিভাগে হাসানের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। বাংলাদেশের পেসারের সামনে লড়াইটা মোটেও সহজ নয়। একজন আগস্টে ব্যাট হাতে রানবন্যা বইয়েছেন, অন্যজন বল হাতে একের পর এক উইকেট তুলে নিয়েছেন। আর হাসানের অস্ত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অবিশ্বাস্য ৯ উইকেট। ডারউইনে ম্যাচটি শুরু হয়েছিল ১৩ আগস্ট। প্রথম ইনিংসেই বল হাতে ঝড় তোলেন হাসান। মাত্র ৫৫ রান খরচ করে শিকার করেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে দেন তিনি। এবার ৫৬ রানে নেন ৩ উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট-আর তার আগুনঝরা বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
সেই জয়ের পর বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে হাসান উইকেট না পেলেও দুই টেস্টের সিরিজ শেষ করেন ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নিয়ে। ডারউইনের পারফরম্যান্সের আরেকটি প্রতিফলন দেখা যায় র্যাঙ্কিংয়েও। আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে এক লাফে ২৬ ধাপ উঠে ৩৮তম স্থানে চলে আসেন তিনি। হাসানের মনোনয়নের পেছনে সেই পারফরম্যান্সের গুরুত্বই তুলে ধরেছে আইসিসি, 'ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন হাসান। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ঐ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়, যদিও শেষপর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। ডারউইন টেস্টে হাসান প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন। এর সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে আসেন তিনি। সিরিজে হাসানের শিকার ছিল মোট ৯ উইকেট, গড় ১৯.৭৭।' তবে আগষ্টের মাসসেরার মুকুট পেতে হলে হাসানকে পেছনে ফেলতে হবে দুর্দান্ত ফর্মে থাকা দুই প্রতিদ্বন্দ্বীকে। তাদের একজন সোনাল দিনুশা।
