এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই র‍্যাংকিং টিটি শুরু

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

'ক্রীড়া ভাতা পাচ্ছে তিনশ' ক্রীড়াবিদ। তবে পারফরম্যান্সের ভিত্তিতে সেই সংখ্যা থেকে বাদ পড়ছে ৩৫ জন। এই শূন্যস্থান পূরন করবে ভালো পারফরম্যান্সধারীরা। এছাড়া আরও দুইশ' ক্রীড়াবিদ ও কোচদের ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফেডারেশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারন সম্পাদক সাইদুল হক সাদী ও কোষাধ্যক্ষ আনোয়ার কবির চৌধুরী বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ঘরোয়া ফুটবল লিগের সূচি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দেওয়া ঢাকা সিটি ক্লাবের একটি চিঠিতে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় ক্রীড়াঙ্গনে তোলপাড়। এ বিষয়ে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, 'খেলোয়াড়দের পক্ষ থেকে কিংবা একজন স্পোর্টস মিনিস্টার হিসেবে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, প্রয়োজনে এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।'