রামহীম-হৃদয় সোমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ঘরময় পিং পং শব্দ। শত শত ছেলে মেয়েদের পদচারনায় মুখর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। সবাই টেবিলে খেলা নিয়ে ব্যস্ত। ছয়টি ইভেন্টে প্রায় সাড়ে ৪০০ খেলোয়াড়ের অংশগ্রহণে চলছে উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট। চার দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১৫ বালক একক, অনূর্ধ্ব-১৫ বালিকা একক, অনূর্ধ্ব-১৯ বালক একক এবং অনূর্ধ্ব-১৯ বালিকা এককের খেলায় অংশ নিচ্ছেন ক্রীড়াবিদরা।
গতকাল শুক্রবার দ্বিতীয় দিনেও তবে মূল আকর্ষনের কেন্দ্র বিন্দুতে রামহীম বম, সোনম সুলতানা সোমা, মোহতাসিন আহমেদ হৃদয়, সামন্থা তুশিরা। কারণ সিনিয়র পুরুষ ও মহিলাদের মধ্য থেকেই এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই হবেন ছয়জন খেলোয়াড়। তাই ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেল তাদের খেলায়। আগামী ১৯-২৫ অক্টোবর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বসছে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে তিনজন করে পুরুষ ও মহিলা টিটি খেলোয়াড় অংশ নেবেন। এই র্যাংকিং টুর্নামেন্টে যারা ভাল করবেন এবং আগের দুই আসরে যাদের রেটিং পয়েন্ট ভাল থাকবে, তারাই সুযোগ পাবেন এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে। এই তথ্য জানান ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর।
