এশিয়ান গেমসে খেলতে জাপানে আফঈদারা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

জাপানের আইচি-নাগোয়া শহরে ২০তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামী ১৯ সেপ্টেম্বর। এশিয়ার অলিম্পিক খ্যাত এ গেমসে অংশ নিতে সবার আগে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে গতকাল শুক্রবার জাপানের উদ্দেশে যাত্রা করেছে আফঈদা খন্দকার, মনিকা চাকমারা। এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতা সামনে রেখে চীনে বেশ কয়েকদিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে কন্ডিশনিংয়ের পাশাপাশি দুটি অনুশীলন ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। গুয়াংজুর ক্যাম্প শেষে এবার জাপানে গিয়ে গেমসের জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। এশিয়ান গেমসে এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য সাম্প্রতিক সময়ের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আরও ভালো করার প্রত্যাশা রয়েছে দলের। বাংলাদেশের গ্রুপটাও বেশ কঠিন। 'এফ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ফলে গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে ঋতুপর্ণা-তহুরাদের।
১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে জাপান সময় বিকাল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়। ১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাপান সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি, যা বাংলাদেশ সময় দুপুর ২টা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে। নাগাই স্টেডিয়ামে এ ম্যাচও শুরু হবে জাপান সময় বিকাল ৪টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।
