মেসির দুর্দান্ত গোলের পরও ম্যাচ ড্র
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
শেষ বাঁশির মাত্র পাঁচ সেকেন্ড বাকি তখন। চমৎকার এক থ্রু বল থেকে বক্সের ভেতর কোনাকুনি শট নিলেন রদ্রিগো দে পল। গোলকিপার ডাইভ দিলেও নাগাল পেলেন না। কিন্তু কখনও কখনও সামান্য ব্যবধানই অনেক বড়। গোলপোস্টের যে জায়গায় লাগল বল, সেখানে লেগে অনেক সময় বল ঢুকে যায় জালে, কিন্তু এবার চলে গেল বাইরে। ব্যস, ম্যাচের শেষ শট সেটিই। হতাশায় মাথা নুইয়ে গেল দে পল আর তার সতীর্থদের। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে ব্যবধান কমাতে জয়টা জরুরি ছিল ইন্টার মায়ামির। সেই সম্ভাবনাও জাগিয়েছিল লিওনেল মেসির গোল। অধিনায়ক নিজে গোল করেন বক্সের বাইরে থেকে। আরও দুই দফায় তার শট আটকে যায় গোলপোস্ট আর ক্রসবারে। এরপর শেষে দে পলের ওই শট। জয় আর পাওয়া হয়নি তাদের। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
