মিরাজের দুর্দান্ত ছন্দে শুধু জয়ের আক্ষেপ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যেন বল হাতে নতুন এক মেহেদী হাসান মিরাজকে দেখা যাচ্ছে। একের পর এক ম্যাচে অফ স্পিনের ঘূর্ণিতে প্রতিপক্ষকে বিপদে ফেলছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। টানা তৃতীয় ম্যাচেও বল হাতে ছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সবচেয়ে কার্যকর অস্ত্র। কিন্তু মিরাজের ঘূর্ণির সঙ্গে ব্যাটাররা তাল মেলাতে না পারায় শেষ পর্যন্ত বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হারতে হলো গায়ানাকে। বার্বাডোজে বাংলাদেশ সময় গতকাল সোমবার আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে গায়ানার ইনিংস। মাত্র ১৫ রানেই হারায় তিন উইকেট। সেই বিপর্যয়ের মধ্যে ক্রিজে এসে গ্লেন ফিলিপসের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিরাজ। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি।