হুইলচেয়ার পেলেন প্যারা ক্রীড়াবিদরা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

প্যারা স্পোর্টসে অন্তর্ভুক্তি, সমান সুযোগ ও উৎকর্ষের লক্ষ্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি বাংলাদেশ) উদ্যোগে দেশে প্রথম সারির প্যারা অ্যাথলেটদের জন্য যুক্ত হয়েছে পাঁচটি স্পোর্টস হুইলচেয়ার। আন্তর্জাতিক মানের ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করে হুইলচেয়ার ব্যবহারকারী অ্যাথলেটদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আরও কার্যকর করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্যারা স্পোর্টসের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। গতকাল সোমবার বিকালে চলমান এশিয়ান প্যারা গেমস প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া প্যারা অ্যাথলেটদের মধ্যে এসব স্পোর্টস হুইলচেয়ার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম, এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, যুগ্ম-মহাসচিব মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান, নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন প্যারা অ্যাথলেটের প্রতিভা বিকাশে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়া সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারী অ্যাথলেটদের জন্য সাধারণ হুইলচেয়ারের পরিবর্তে স্পোর্টস-নির্ভর হুইলচেয়ার গতি, নিয়ন্ত্রণ, দক্ষতা ও পারফরম্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্পকে আরও কার্যকর ও প্রতিযোগিতামুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম, কারিগরি সহায়তা ও অ্যাথলেট সাপোর্ট ব্যবস্থাকে ধাপে ধাপে শক্তিশালী করছে এনপিসি বাংলাদেশ।
সংগঠনটির কর্মকর্তারা মনে করেন, আন্তর্জাতিক মানের প্রস্তুতি ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করা গেলে বাংলাদেশের প্যারা অ্যাথলেটরা ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক সাফল্য অর্জন করতে পারবেন। তৃণমূল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্যারা স্পোর্টসকে এগিয়ে নিতে প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ, জাতীয় প্রতিযোগিতা, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, স্পোর্টস ক্লাসিফিকেশন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
