গাজার শিশুদের জন্য নিলামে হামজার স্বাক্ষরিত জার্সি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলের তারকা হামজা চৌধুরী এবার গাজার শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় নিজের স্বাক্ষর করা জার্সি নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন আরও কয়েকজন মুসলিম ক্রীড়াবিদ।

মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি নিলামে হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি অন্য মুসলিম খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি, পদক ও বিভিন্ন ক্রীড়া স্মারক রাখা হচ্ছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

এই অর্থ যাবে 'চিলড্রেন নট নাম্বার্স' নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে। গাজার সংঘাতের মধ্যে শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ফিলিস্তিনের মানুষের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি। সেই সময় থেকেই ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর হামজা দেশের ফুটবলপ্রেমীদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার গাজার শিশুদের জন্য মানবিক উদ্যোগে যুক্ত হয়ে মাঠের বাইরেও নিজের অবস্থানের জানান দিলেন এই বাংলাদেশি তারকা।

খেলাধুলার তারকাদের জনপ্রিয়তাকে মানবিক কাজে ব্যবহার করার এমন উদ্যোগ নতুন নয়। তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে হামজার অংশগ্রহণ এই নিলামকে বাড়তি গুরুত্ব দিয়েছে।

হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটি ছেড়ে কিছু দিন আগে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দলে যোগ দিতে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়া পৌঁছবেন। টমাস ডুলি দল নিয়ে ঢাকা থেকে ইন্দোনেশিয়া যাবেন ১৯ সেপ্টেম্বর।