সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে এই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ গ্রুপ পর্ব শুরু করবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৫ থেকে ১৭ পর্যন্ত চলবে এবারের সাফ। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ। মঙ্গলবার সূচি ঘোষণা করেছে সাফ। 'এ' গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে; ১১ নভেম্বর। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।
'বি' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। সেবার বাংলাদেশ খেলেছিল শেষ চারে। ১৪ নভেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। ১৭ নভেম্বর হবে শিরোপা লড়াই।
