বিপিএলে রোমাঞ্চিত শান্ত
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

একটি টুর্নামেন্ট। অথচ তার সঙ্গে জড়িয়ে থাকে কত গল্প, কত স্বপ্ন, কত সম্ভাবনা! কারও জন্য নিজের সামর্থ্য প্রমাণের মঞ্চ, কারও জন্য জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগ। আবার কারও জন্য হয়তো এটাই হতে পারে বড় হয়ে ওঠার প্রথম ধাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তাই শুধু একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটে নতুন গল্পের জন্ম দেওয়ারও একটি মঞ্চ। পরবর্তী আসর নিয়ে যখন অনিশ্চয়তা, তখনও বিপিএল নিয়ে সেই পুরোনো রোমাঞ্চই অনুভব করেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিনের বিপিএল অভিজ্ঞতা থেকে তিনি জানেন, এই টুর্নামেন্ট একজন ক্রিকেটারের ক্যারিয়ারে কতটা পরিবর্তন আনতে পারে!
বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের সেই অনুভূতির কথাই জানিয়েছেন শান্ত। টুর্নামেন্টের নাম শুনলেই যে তার ভেতরে আলাদা এক উত্তেজনা তৈরি হয়, সেটি লুকাননি তিনি। শান্ত বলেন, 'আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।'
শান্তর কথায়, বিপিএলের গল্পটা কেবল তারকা ক্রিকেটারদের ঘিরে নয়। বরং এই আসরের সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর একটি হলো-প্রতি বছর নতুন কিছু মুখ সামনে আসে। যাদের অনেকেই হয়তো দেশের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হয়ে ওঠার পথে এখান থেকেই যাত্রা শুরু করেন।
সেই জায়গা থেকেই বিপিএলকে দেশের ক্রিকেটের জন্য বড় একটি মঞ্চ হিসেবে দেখছেন শান্ত। তার চোখে, তরুণদের জন্য এই টুর্নামেন্টের গুরুত্ব আলাদা। জাতীয় দলের এই ব্যাটার বলেন, 'আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।' একদিকে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য জানান দেওয়ার সুযোগ, অন্যদিকে নতুনদের জন্য আলোয় আসার জানালা-দুই ভূমিকাতেই বিপিএলকে দেখছেন শান্ত। বড় মঞ্চে ভালো পারফরম্যান্স যেমন একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ায়, তেমনি খুলে দিতে পারে ক্যারিয়ারের নতুন দরজাও। শান্তর চোখে বিপিএলের রোমাঞ্চটা সম্ভবত সেখানেই-নিজের জন্য কিছু করার পাশাপাশি দেশের ক্রিকেটের আগামী দিনের মুখগুলোকে সামনে আসতে দেখা! যদিও এ বছর অনুষ্ঠিত হচ্ছে না বিপিএল। সমালোচনার মুখে থাকা এই আসরকে ঘিরে সংস্কার করছে বিসিবি!
