প্যারা স্পোর্টসে নতুন কর্মশালা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্যারা স্পোর্টসে ক্রীড়াবিদদের সক্ষমতা অনুযায়ী ন্যায্য প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের ক্লাসিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যেই ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী 'প্যারা স্পোর্টস ক্লাসিফিকেশন কর্মশালা ২০২৬'। গতকাল শুক্রবার জাতীয় স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় প্যারা স্পোর্টসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ, সংগঠক, চিকিৎসক, পুনর্বাসন বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

সকালে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিআরপির নির্বাহী পরিচালক ও এনপিসির সদস্য ড. মুহাম্মদ সোহরাব হোসেন। এ সময় এনপিসির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. ইব্রাহিম খলিল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নাদির শাহ। কর্মশালায় বক্তারা বলেন, একজন ক্রীড়াবিদের প্রতিবন্ধিতার ধরন ও খেলাধুলার সঙ্গে সংম্লিষ্ট সক্ষমতার সঠিক মূল্যায়ন প্যারা স্পোর্টসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।