পর্দা উঠলো এশিয়ান গেমসের
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

একদিকে আয়োজন ঘিরে একের পর এক সমস্যা, ঘূর্ণিঝড়ের শঙ্কা। বিমানবন্দরে আটকে পড়া অ্যাথলেট থেকে শুরু করে আবাসনের সংকট। সব মিলে নানা ঝামেলায় জর্জরিত এশিয়ান গেমস। সেই সব প্রতিকূলতা পেরিয়ে গতকাল শনিবার জাপানে শুরু হয়েছে মহাদেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর। যার উদ্বোধনী অনুষ্ঠানে ফুটে উঠলো ঐক্যের বার্তা। জাপানের নাগোয়া ও আইচি প্রিফেকচারে শুরু হওয়া ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ হাজার আসনের স্টেডিয়ামে ছিল বড় সংখ্যক খালি আসন। তুলনামূলক শান্ত দর্শক উপস্থিতির মধ্যেই বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। অনুষ্ঠানের মূল মঞ্চটি তৈরি করা হয়েছিল বিশাল হৃদয়ের আকৃতিতে। জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী স্টেডিয়ামে আসন গ্রহণ করলে তাদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রিও। আজ সকালেই নির্ধারিত হবে আসরের প্রথম সোনা। পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনেই প্রথম স্বর্ণপদক জয়ের সম্ভাবনা বেশি। আগামী ৪ অক্টোবর পর্দা নামার আগে ৪০টির বেশি খেলায় লড়াই করবেন এশিয়ার সেরা ক্রীড়াবিদরা। নাগোয়া ও আইচিতে এবারের এশিয়ান গেমসে সাতটি খেলা থেকে ২০২৮ সালের অলিম্পিকে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। অংশ নিচ্ছেন বিশ্বের প্রতিষ্ঠিত তারকার পাশাপাশি উঠে আসা তরুণ প্রতিভারাও।
তবে শুরু থেকেই ঝামেলার মধ্যে রয়েছে এই আয়োজন। আয়োজকদের সামনে এসেছে একের পর এক সমস্যা। ১১ হাজারের বেশি অ্যাথলেট এবং প্রায় ৬ হাজার কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আয়োজকদের।
খরচ কমাতে এবার রাখা হয়নি প্রচলিত 'অ্যাথলেট ভিলেজ'। প্রতিযোগীদের রাখা হয়েছে অস্থায়ী কনটেইনারের মতো কক্ষে, বিভিন্ন হোটেলে এবং 'কোস্টা সেরেনা' ক্রুজ জাহাজে। এর মধ্যেই গত সপ্তাহে নাগোয়ায় রেকর্ড বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এবার পূর্ব জাপানের দিকে ধেয়ে আসছে একটি টাইফুন। ফলে আগামী কয়েক দিনে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
পরিবহন না আসায় কিছু অ্যাথলেট বিমানবন্দরে আটকে পড়েছিলেন। বেশ কয়েকটি দল অস্থায়ী আবাসনের মান নিয়েও অভিযোগ করেছে। এমনকি কোথাও কোথাও বিছানার দৈর্ঘ্য নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সবশেষ বিপত্তি ঘটে শুক্রবার।
