ইতিহাসের মঞ্চে উঠেই দুঃস্বপ্ন বাংলাদেশের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ইতিহাসের দরজা খুলেছিল পাঁচ মাস আগে। এশিয়ান গেমসে প্রথমবার জায়গা করে নিয়ে বাংলাদেশের নারী হকি দল লিখেছিল নতুন অধ্যায়। কিন্তু সেই ইতিহাসের মঞ্চে পা রাখতেই অপেক্ষা করছিল নির্মম বাস্তবতা। এশিয়ান গেমসে অভিষেকের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর চীনের কাছে ০-১৩ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা! জাপানের কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে গতকাল রোববার ম্যাচের শুরুতে অবশ্য প্রতিপক্ষকে সামলেই খেলছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রতিরোধ টিকেছে মাত্র তিন মিনিট। চতুর্থ মিনিটে ঝং জিয়াকির গোলের পর যেন খুলে যায় বাংলাদেশের রক্ষণদুর্গ। এরপর একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় চীন।
প্রথম কোয়ার্টারেই চারবার বাংলাদেশের জালে বল পাঠায় চীনারা। ঝং জিয়াকির পর ১২ ও ১৮ মিনিটে দুটি গোল করেন চেন ইয়াং। ১৩ মিনিটে লি হংয়ের গোলের পর একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করেন ঝং জিয়াকি। প্রথম ১৫ মিনিটেই ম্যাচের চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের জন্য স্বস্তির কোনো সুযোগ তৈরি হয়নি। ২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ঝাং ইং। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোলটি করেন ঝং জিয়াকি। ৩২ মিনিটে মা নিংয়ের ফিল্ড গোলের পর বিরতিতে ৭ু০ ব্যবধানে এগিয়ে যায় চীন। বিরতির পরও গল্প বদলায়নি। ৩৬ মিনিটে ইয়াং লিউ ও ৩৮ মিনিটে জু মেইরংয়ের গোলে চীনের ব্যবধান পৌঁছে যায় দুই অঙ্কে। ৪১ মিনিটে চেন ই গোল করলে বাংলাদেশের বিপদ আরও বাড়ে।
