শুরুর আগেই শেষ সাইফউদ্দিনের মিশন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
মিরপুরে তখন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় সোনার স্বপ্ন নিয়ে যাওয়ার প্রস্তুতিতে ম্যাচ খেলছে লিটন দাসের দল। মাঠে দুই দলে ভাগ হয়ে চলছে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ। সবকিছু যখন পরিকল্পনামতোই এগোচ্ছিল, তখনই এল অস্বস্তির খবর! সোনার মিশনে বাংলাদেশকে যেতে হবে দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে ছাড়াই। চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাইফউদ্দিনের চোটের শুরু ১৯ সেপ্টেম্বরের অনুশীলনে। বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই-দুই পরীক্ষাতেই ধরা পড়ে চোটের বাস্তবতা।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা এবং এমআরআই করানোর পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চোট কতটা ভোগাতে পারে, সেটিও পরিষ্কার করেছেন তিনি। বায়েজিদুল ইসলাম খান বলেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সাইফউদ্দিনকে।
জাপানে এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগেই সাইফউদ্দিনের অধ্যায় শেষ। এখন বাংলাদেশের সামনে নতুন প্রশ্ন-তার জায়গায় কে? সাইফউদ্দিনের বিকল্প হিসেবে রিপন মন্ডলের নামই সবচেয়ে বেশি আলোচনায়। দলীয় সূত্রে জানা গেছে, তাকেই এশিয়ান গেমসের দলে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে শেষ সিদ্ধান্তের আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে হবে বিসিবিকে। সাইফউদ্দিনের চোটের মেডিকেল রিপোর্ট গেমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অনুমোদন মিললেই বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ তৈরি হবে। সময়ও খুব বেশি হাতে নেই বাংলাদেশের। এশিয়ান গেমসের দল আগেই আয়োজকদের কাছে পাঠানো হয়েছে।
