ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি সেরা খেলোয়াড় বিজিবির তাজু হাসান

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকায় অনুষ্ঠিত 'ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬'-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ হ্যান্ডবল দল বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।আজ (২২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত নৈপুণ্য প্রদর্শন করে বিজিবি হ্যান্ডবল দল। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি ধারাবাহিক গোল আদায়ের মাধ্যমে শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল এবং বাংলাদেশ 'এ' দল অংশগ্রহণ করে।টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন বিজিবির দুই খেলোয়াড়। সিপাহী অনিক হাসান নির্বাচিত হয়েছেন বেস্ট ডিফেন্ডার এবং ল্যান্স নায়েক তাজু হাসান পেয়েছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার।বিজিবির শিরোপা জয়ের ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে পিলখানাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় ১৩০ জন বিজিবি সদস্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাদের সরব সমর্থনে পুরো ম্যাচজুড়েই প্রাণবন্ত ছিল গ্যালারি।ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মজনু মোল্লা। অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে এই শিরোপা বিজিবির ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশের ক্রীড়াঙ্গনে বিজিবির খেলোয়াড়দের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক নৈপুণ্যেরও এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি