সাইফউদ্দিনের চোটে খুলল আলিসের ভাগ্য
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

চোটে সাইফউদ্দিন ছিটকে গেলেন, আর সেই ফাঁকেই খুলে গেল আলিস আল ইসলামের সামনে জাতীয় দলের দরজা! দীর্ঘ অপেক্ষার পর এবার সত্যিই আন্তর্জাতিক মঞ্চের একেবারে কাছাকাছি বাংলাদেশের এই রহস্য স্পিনার। এশিয়ান গেমসের দলে জায়গা পাওয়ার গল্পটা তাই শুধু একজনের বদলি হওয়ার গল্প নয়, বরং বারবার চোটে থমকে যাওয়া এক ক্রিকেটারের নতুন করে শুরু করার গল্পও। গত সোমবার সকালে বদলে গেল জার্সির রং, বিকালে বদলে গেল পরিচয়ও! মিরপুরে এত দিন জাতীয় দলের অনুশীলনে নীল জার্সি পরে প্রস্তুতি নিচ্ছিলেন আলিস আল ইসলাম। কিন্তু গতকাল বুধবার সকালে তার গায়ে উঠল এশিয়ান গেমসের কমলা রঙের অনুশীলন জার্সি। আর বিকালেই এলো আনুষ্ঠানিক ঘোষণা-হ্যামস্ট্রিংয়ের চোটে মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের দলে জায়গা পেয়েছেন ২৯ বছর বয়সী এই রহস্য স্পিনার।
একটি চোট কারও জন্য হতাশার খবর, আবার অন্য কারও জন্য হয়ে উঠতে পারে বহুদিনের অপেক্ষার শেষ প্রহর। সাইফউদ্দিনের ডান হ্যামস্ট্রিংয়ের চোট ঠিক তেমনই এক দরজা খুলে দিয়েছে আলিসের সামনে। গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ব্যথা অনুভব করেছিলেন সাইফউদ্দিন। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের দেওয়া তথ্য অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন। এশিয়ান গেমসের দল থেকে ছিটকে যেতে হয় এই পেস বোলিং অলরাউন্ডারকে। আর সেই শূন্যস্থানেই জায়গা হলো আলিসের!
আলিসের গল্প অবশ্য আজকের নয়। ২০১৯ সালে বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ক্রিকেটবিশ্বের নজরে এসেছিলেন তিনি। রহস্যময় বোলিংয়ে ব্যাটারদের বিভ্রান্ত করার ক্ষমতা তাকে দ্রুতই আলাদা পরিচিতি এনে দেয়। কিন্তু আলো ছড়ানোর সেই শুরু থেকে জাতীয় দলের দরজায় পৌঁছাতে সময় লেগেছে অনেকটা।
২০২৪ সালে সেই দরজা একবার খুলেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আন্তর্জাতিক অভিষেকের ঠিক আগমুহূর্তেই আঙুলের চোট তার স্বপ্নে টেনে দেয় ব্রেক। মাঠের বাইরে বসেই দেখতে হয়েছিল জাতীয় দলের সুযোগ হাতছাড়া হওয়ার দৃশ্য। চোট যেন এরপরও পিছু ছাড়েনি। কিন্তু আলিস থামেননি! চলতি সময়ে জাতীয় দলের পাইপলাইনে নিজেকে ধরে রাখার লড়াই চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশের একমাত্র ৫০ ওভারের ম্যাচে বল হাতে নিয়েছেন তিন উইকেট। সেই পারফরম্যান্সও এবার কাজে এলো। সব মিলিয়ে ৫৮টি টি-টোয়েন্টিতে ৬.১২ রান রেটে তার শিকার ৫৯ উইকেট। সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ, সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার ধারাবাহিক চেষ্টা। এবার সেই চেষ্টার পুরস্কার এসেছে একটু ভিন্ন পথে। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি আলিসের। এশিয়ান গেমসের দল তার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাব্য নতুন দরজা। ২০২৪ সালে যে সুযোগ চোট কেড়ে নিয়েছিল, এবার সেটি ফিরে এসেছে অন্য একটি মঞ্চে, অন্য একটি প্রেক্ষাপটে!
