হকিতে হেরেই চলেছে বাংলাদেশ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

পঞ্চম মিনিটে খুলে গেল গোলমুখের আগল। এরপর একের পর এক গোলই হজম করে গেলেন সারিকা-আইরিন রিয়ারা। প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকিতে খেলতে আসা বাংলাদেশ পেল আরেকটি বড় হারের তেতো স্বাদ। জাপানের নাগোয়ার জিফু স্টেডিয়ামে গতকাল বুধবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি করে গোল হজমের পর গোলমুখে কিছুটা বাঁধ দিতে পারে দল। পরের দুই কোয়ার্টারে হজম করে একটি করে। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। চীনের বিপক্ষে ১৩-০ গোলে হেরে পুল পর্ব শুরুর পর মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল দল। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী শুক্রবার কাজাখস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমসের আঙিনায় দক্ষিণ কোরিয়ারে অর্জনের শোকেসে আছে পাঁচটি সোনা ও চারটি রুপা। সেখানে বাংলাদেশ এই প্রথম এসেছে খেলতে। দুই দলের ব্যবধান তাই শুরুর বাঁশি বাজতেই প্রকাশ পেতে থাকে। গতি, হিট, স্টিকের কারুকাজে আধিপত্য করতে থাকা দক্ষিণ কোরিয়া এগিয়ে যায় পঞ্চম মিনিটেই। চোই জিউনের পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করেন। সব মিলিয়ে ১১টি পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে নেওয়া দক্ষিণ কোরিয়া সুযোগ কাজে লাগায় চারবার। বাকি চারটি তারা করে ফিল্ড গোল। সেখানে বাংলাদেশ একটা পেনাল্টি কর্নারও আদায় করতে পারেনি!
এদিকে টেবিল টেনিসের পুরুষ দ্বৈতে মুহতাসিন হৃদয় ও রাম হিম লিয়ান বম জুটি ১১-৬, ১১-৮, ১১-৬ ব্যবধানে হেরেছেন ম্যাকাওয়ের জুটির বিপক্ষে। মেয়েদের এককে সোনম সুলতানা সোমা ৪-০ সেটে হার মেনেছেন ম্যাকাওয়ের প্রতিযোগীর বিপক্ষে।
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিট থেকে মোহাম্মদ ইসলাম ৫৮ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে ৩১ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৮তম। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ২১ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে ২৫ জনের মধ্যে মুক্তি খাতুন হয়েছেন ২৩তম।
