ভারতের চাপে আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন 'লজ্জাজনক'
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান। বৃষ্টিবিঘ্নিত পাঁচ ওভারের ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করে মাত্র ২ রানে হেরেছে তারা। তবে ভারতের এই জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে শেষ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে। ওয়াইডের সিদ্ধান্ত বদলে যাওয়ার ঘটনায় ভারতীয় দলের বিরুদ্ধে আম্পায়ারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন অনেকেই। গত মঙ্গলবার জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত ও জাপান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে পাঁচ ওভারে। টস জিতে আগে ব্যাট করে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত তোলে ৪ উইকেটে ৩২ রান।
জবাবে ৩ উইকেটে ৩০ রান করে থামে জাপান। শেষ ওভারে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অক্ষর প্যাটেলের করা একটি বল লেগ সাইডে চলে গেলে জাপানের ব্যাটার আলেকজান্ডার শিরাই-প্যাটমোর রিভার্স সুইপের চেষ্টা করেন। বলটি উইকেটরক্ষকের হাতে জমা পড়ার পর অনফিল্ড আম্পায়ার প্রথমে ওয়াইডের সংকেত দেন। এতে জাপানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান। তবে ভারতীয় খেলোয়াড়দের আপত্তির পর সিদ্ধান্তটি বদলে বৈধ বল ঘোষণা করা হয়। ফলে জাপানের স্কোর আবার ২৭ রানে ফিরিয়ে নেওয়া হয় এবং হাতে থাকা বলের সংখ্যাও কমে যায়। শেষ পর্যন্ত জাপান ৩০ রানে আটকে থাকায় ২ রানের জয় পায় ভারত। ঘটনার পর ভারতের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। উইজডেনের সম্পাদক বেন গার্ডনার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ঐতিহাসিক অঘটনের সম্ভাবনা তৈরি হওয়ার মুহূর্তে ভারত ওয়াইডের সিদ্ধান্ত বদলাতে আম্পায়ারদের ওপর চাপ প্রয়োগ করেছে। তার ভাষায়, এমন আচরণ 'সত্যিই লজ্জাজনক'। ক্রিকেট লেখক কার্তিক কান্নানও ভারতের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। তার মতে, মূল সিদ্ধান্তটি ভুল হয়ে থাকলেও তা বদলাতে ভারতীয় খেলোয়াড়দের এমন চাপ সৃষ্টি করা উচিত হয়নি।
