জাপানে জিমিদের প্রথম জয়

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতাশার বৃত্ত ভেঙে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে প্রথম জয় পেল দল। গতকাল বৃহস্পতিবার জাপানের গিফুতে শ্রীলঙ্কাকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

জোড়া গোল করেছেন আমিরুল ও আশরাফুল ইসলাম। এক গোল মাহবুব হোসেনের। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে হেরেছিল ৬-১ ব্যবধানে।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। অষ্টম মিনিটে আমিরুল পেনাল্টি কর্নার (পিসি) থেকে নিখুঁত হিটে এগিয়ে নেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। একটু পর এক গোল ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। তবে এই কোয়ার্টারের শেষ দিকে আমিরুল ফের ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে আধিপত্য করলেও বাংলাদেশের চতুর্থ গোলটি পেতে অপেক্ষা করতে হয় ৪৩তম মিনিট পর্যন্ত। পিসি থেকে লক্ষ্যভেদ করেন মাহবুব। শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান আশরাফুল। পুল-এ'র চতুর্থ ম্যাচে শনিবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এদিনই বাংলাদেশ পুরুষ কাবাডি দলের পদক জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেছে। চাইনিজ তাইপে ও জাপানের সমান ৪ পয়েন্ট নিয়েও, হিসাবের মারপ্যাঁচে সেমি-ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে হারে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে হারে সমীকরণ হয়ে উঠেছিল আরও কঠিন। কাগজে-কলমে টিকে থাকা আশাও শেষ হয়ে গেল এবার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোনো দল যদি গ্রুপের সম্ভাব্য সর্বোচ্চ ৮ পয়েন্টের ২৫ শতাংশ অর্জন করতে না পারে, তাহলে সেই দলের বিপক্ষে অন্যদের পয়েন্ট হিসেবে ধরা হবে না। দক্ষিণ কোরিয়া কোনো পয়েন্টই পায়নি, ফলে তাদের বিপক্ষে ম্যাচের ফল হিসাবে আসেনি। এ হিসাবে চাইনিজ তাইপে মাইনাস ৩, বাংলাদেশ মাইনাস ২৫ এবং স্বাগতিক জাপানের স্কোর দাঁড়ায় মাইনাস ২৬। ফলে 'এ' গ্রুপ থেকে সেমি-ফাইনালে উঠেছে চাইনিজ তাইপে। চার ম্যাচের সবগুলো জিতে এই গ্রুপে সেরা হয়ে পদকের লড়াইয়ে উঠেছে ভারত।

এশিয়ান গেমসে বাংলাদেশের এ পর্যন্ত জেতা ১৫টি পদকের সাতটিই এসেছে কাবাডি থেকে। ২০০৬ সালে দোহার আসর থেকে সবশেষ পুরুষ কাবাডি থেকে এসেছিল ব্রোঞ্জ। এত দিনের খরা কাটানোর লক্ষ্য নিয়ে জাপানে এলেও অপেক্ষা বাড়ল আরও।