নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এক মাস আগেও অনেকের হাতে প্রথমবার উঠেছে হকি স্টিক। নিয়ম-কানুন শেখা থেকে শুরু করে মাঠে নিজেদের মেলে ধরার চেষ্টা। সব মিলিয়ে স্বল্প সময়ের এই প্রশিক্ষণেই বদলে গেছে অনেক কিছু। সিলেট জেলা স্টেডিয়ামে তাদের খেলা দেখে এখন নতুন স্বপ্ন দেখছেন আয়োজকরাও।

তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে এনে নারী হকিকে এগিয়ে নেওয়ার সেই প্রত্যয় নিয়েই শেষ হলো 'ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম'। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নারী হকিতে নতুন খেলোয়াড় তৈরি এবং তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তারে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণী খেলোয়াড়দের হকির মৌলিক জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় একটি প্রীতি ম্যাচ। অল্প দিনের প্রশিক্ষণেই মেয়েদের উন্নতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বলেন, 'ধন্যবাদ জানাতে চাই আসলে এই ছোট ছোট বাচ্চাদের, যারা বিগত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে। হয়তো অনেকেই এক মাস আগে প্রথম হকি স্টিক হাতে নিয়েছে। তারপর আজকে আপনাদের খেলা দেখলাম। দেখে আমরা সত্যিই স্বপ্ন দেখতে শুরু করেছি। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'