ইংল্যান্ডে জন্ম, বাংলাদেশের জার্সিতে নতুন পরিচয়

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এক পাশে ইংল্যান্ডের ফুটবল, অন্য পাশে পরিবারের শিকড়! মাঝখানে দাঁড়িয়ে ১৯ বছরের এক তরুণের সিদ্ধান্ত-কোন জার্সি পরবেন তিনি? জন্ম তার ইংল্যান্ডে, বেড়ে ওঠাও সেখানে। ফুটবলের প্রথম পাঠ চেলসি একাডেমিতে, পরে ফুলহামের একাডেমিতে নিজেকে তৈরি করেছেন। কিন্তু জাতীয় দলের প্রশ্ন আসতেই ফারহান আলী ওয়াহিদ বেছে নিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ। এবার সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষা। আসিয়ান কাপ দিয়ে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেকের দ্বারপ্রান্তে ফারহান। ইন্দোনেশিয়ার জাকার্তায় দলের সঙ্গে অনুশীলন করছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার। নতুন সতীর্থদের সঙ্গে প্রথম কয়েকটি দিনেই যেন পেয়ে গেছেন আপন ঠিকানা! জাতীয় দলের সঙ্গে প্রথম অভিজ্ঞতা কেমন, সেটি বলতে গিয়ে ফারহানের কণ্ঠে উত্তেজনার সঙ্গে মিশে আছে গর্বও। বাফুফের প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, 'এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে। আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরও অনেক কিছু গড়ে তুলতে পারি।' ফারহানের গল্পে তাই শুধু ফুটবল নেই, আছে পরিবারের গল্পও। ইংল্যান্ডে তার বেড়ে ওঠা হলেও পরিবারের সবাই বাঙালি। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরিবারের আনন্দও ছুঁয়ে গেছে তাকে। নিজের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। তারা সত্যিই, বলতে গেলে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি-এতে তারা খুব খুশি হয়েছেন। তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাদের গর্বিত করতে পারি।' আর এই নতুন যাত্রায় ফারহানের সামনে রয়েছেন এমন একজন, যার পথ তার নিজের পথের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। ইংল্যান্ডে বেড়ে ওঠা আরেক বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে নিজের অধ্যায় শুরু করেছেন।