পদক লড়াইয়ে আগেই বাদ ইমরানুর
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চলমান এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের পদকের লড়াইয়ে ওঠা হলো না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। গতকাল শুক্রবার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেমি-ফাইনালে এক নম্বর হিটে দৌড়ান ইমরানুর। ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তিনি আট প্রতিযোগীর মধ্যে হন সপ্তম। সব মিলিয়ে ২৪ জনের মধ্যে তিনি হন ২১তম। হিটে ১০ দশমিক ৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হন ইমরানুর। তবে, সব হিট মিলিয়ে সেমি-ফাইনালে ওঠা ২৪ প্রতিযোগীর মধ্যে ২২তম হয়ে সেমি-ফাইনালে উঠেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট। ২০২৩ সালের এশিয়ান গেমসেও সেমি-ফাইনাল থেকে ছিটকে যান ইমরানুর। সেবার হাংঝুতে তিনি দৌড় শেষ করেন ১০ দশমিক ৪২ সেকেন্ডে। জাপানে এসে সে টাইমিংও ছাপিয়ে যেতে পারলেন না তিনি। এই ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সেরা টাইমিং করেছেন থাইল্যান্ডের পুরিপোল বোনসোন (৯ দশমিক ৯১ সেকেন্ড)। ১০ সেকেন্ডের নিচে কেবল দৌড়েছেন তিনিই। ১০ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে অষ্টম হয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমি-ফাইনাল পেরিয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ আজেম।
