কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত বিভাগে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। গতকাল শনিবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন গৌরব-আয়মান। প্রথম গেমে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি বাংলাদেশ। ২১-৮ ব্যবধানে গেমটি জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তারা। এতে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে উঠেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাসও নতুন। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।
