সেমিফাইনালে বাংলাদেশের সামনে মালয়েশিয়া
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণ ছিল পরিষ্কার-মালয়েশিয়াকে হারাতেই হতো ওমানকে। কিন্তু সেই সমীকরণ মেলানোর সুযোগই পেল না দলটি। টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানো তো দূরের কথা, শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুই দলকে। তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় ওমানের! গতকাল শনিবার জাপানের নিশিনে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ওমান ও মালয়েশিয়ার। বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। ফলে এক পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। দুই ম্যাচে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। এই গ্রুপে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং, চায়না। আর দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে ওমান। বৃষ্টির কারণে মাঠে নামতে না পারাই শেষ পর্যন্ত তাদের এশিয়ান গেমসের যাত্রার ইতি টেনে দেয়। আইসিসি র্যাঙ্কিংয়ের কারণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বের হিসাব শেষ হওয়ার পর নির্ধারিত হয়েছে শেষ আটের লড়াইও। গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর হংকং, চায়নার প্রতিপক্ষ পাকিস্তান। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের অবশ্য সুখস্মৃতি রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও একই মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। অন্যদিকে শনিবার সকালে বৃষ্টির কারণে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কা। আর আফগানিস্তানকে খেলতে হবে ভারতের বিপক্ষে। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার-ফাইনাল। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান। মঙ্গলবার ভোর ৬টায় নেপাল-শ্রীলঙ্কা ম্যাচের পর বেলা ১১টায় চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার সঙ্গে লড়বে বাংলাদেশ।
