হারের বদলা নিতে চান শামিত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সিঙ্গাপুরের বিপক্ষে শেষ দুটো ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে ছিল না। এশিয়ান কাপ বাছাইয়ে হোম এন্ড অ্যাওয়ের দুটি ম্যাচেই বাংলাদেশ হারের তিক্ত স্বাদ পেয়েছিল। সেই ম্যাচ দুটিতে খেলেছিলেন শামিত সোম। এবার আসিয়ান কাপে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। আজ জাকার্তার ম্যাচটিতে প্রতিশোধ নেওয়ার কথা ঝরলো কানাডা প্রবাসী মিডফিল্ডারের কণ্ঠে। গতকাল রোববার অনুশীলনের এক ফাঁকে শামিত সোম বলেছেন, 'সিঙ্গাপুরের একটি ভালো কাঠামো এবং নিজস্ব খেলার ধরন আছে। তারা ভালো ফুটবল খেলে এবং তাদের দুই-তিনটি ভালো রোটেশনও আছে। আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি।' শামিতের কাছে এই ম্যাচটা প্রতিশোধের মঞ্চ। তিনি বলেছেন, 'আমাদের দিক থেকে আমরা শুধু প্রেরণা এবং নিজেদের সেরাটা দিতে চাই। আমরা প্রতিশোধ নিতে চাই। আমরা আমাদের দলকে ইতিবাচক শক্তি ও ইতিবাচক আবহ দিতে চাই। মালয়েশিয়ার বিপক্ষে যেভাবে খেলেছি, তার চেয়ে এবার অনেক ভালো পারফর্ম করতে চাই।' আসিয়ান কাপে খেলা নিয়ে তার মূল্যায়ন, 'আমার মনে হয়, এই ফিফা এশিয়ান কাপে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা ভালো ভালো দলের বিপক্ষে খেলছি। আমার মনে হয়, আমরা ঠিক এই জায়গাতেই থাকতে চাই। একটি দেশ হিসেবে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদের এই ধরনের প্রতিযোগিতায় লড়াই করার সক্ষমতা অর্জন করতে হবে।'