এশিয়ান গেমস হকি

বড় হারে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল সোমবার ভারতীয় দলের কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের দল। কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে ভারত। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ তৈরি করে গোলের সুযোগ বের করে নেয় তারা। বাংলাদেশের খেলোয়াড়েরা নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভারতের আক্রমণ সামলাতে পারেনি। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটাও হয়েছিল কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় পায় লাল-সবুজের দল। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাংলাদেশের সামনে ছিল ইন্দোনেশিয়া। সেই ম্যাচেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচে আমিরুল ইসলাম ষষ্ঠ ও ১৭তম মিনিটে দুটি গোল করেন। পরে ৩৭তম মিনিটে রাসেল মাহমুদ জিমি ব্যবধান বাড়ান। ইন্দোনেশিয়ার হয়ে ৪৮তম মিনিটে একটি গোল শোধ করেন অধিনায়ক অউলিয়া আলার্ধ।