আর্চারির কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টেও বিদায় হিমু-বন্যাদের

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসে আর্চারিতে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। দলীয় ছয় ইভেন্টের পর এবার ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ থেকেও বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ বিভাগে হিমু বাছাড় ও নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী বিভাগে কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে হেরে গেছেন। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের সম্ভাবনাময় আর্চার হিমু বাছাড় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। র‍্যাঙ্কিং রাউন্ডে ১১তম হওয়া কাজাখস্তানের টুটুন আন্দ্রের কাছে ১৪৬-১৪১ পয়েন্টে হেরেছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম ও তৃতীয় সেটে সমান পয়েন্ট অর্জন করেন হিমু। তবে দ্বিতীয় ও চতুর্থ সেটে পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন কাজাখস্তানের আর্চার। একই বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছিলেন নেওয়াজ আহমেদ রাকিব। ইরানের মিলাদ রশিদীকে ১৪৬-১৪৫ পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠেছিলেন তিনি।

তবে প্রি-কোয়ার্টার ফাইনালে চীনের লিও জিনির কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে তাঁরও বিদায় নিশ্চিত হয়। নারী কম্পাউন্ড এককে বাংলাদেশের কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সেরা ৩২-এ জায়গা করে নেন।